আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন প্রার্থী ও তাদের নির্বাচনি এজেন্টদের চলাচলের ক্ষেত্রে যানবাহন ব্যবহারে কড়াকড়ি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে ইসি।
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে প্রার্থী ও তার নির্বাচনি এজেন্ট প্রত্যেকে একটি করে ছোট আকৃতির যানবাহন ব্যবহার করতে পারবেন। এসব যানবাহনের মধ্যে জিপ, কার, মাইক্রোবাস, সিএনজি বা অটোরিক্সা অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি গাড়িতে চালকসহ (বৈধ লাইসেন্সধারী) সর্বোচ্চ পাঁচজন অবস্থান করতে পারবেন। প্রার্থীর নিরাপত্তার জন্য নিয়োজিত গানম্যান থাকলে তাকেও এই পাঁচজনের মধ্যে গণ্য করা হবে।
ইসি জানায়, যেসব এলাকায় মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল সম্ভব নয়, সেখানে প্রার্থী ও তার নির্বাচনি এজেন্ট প্রত্যেকে সর্বোচ্চ দুইটি করে মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মোটরসাইকেলে চালকসহ (বৈধ লাইসেন্সধারী) অনধিক দুইজন অবস্থান করতে পারবেন।
এ ছাড়া নৌপথে চলাচলের ক্ষেত্রে প্রার্থী ও নির্বাচনি এজেন্ট প্রত্যেকে নৌযান চালকসহ সর্বোচ্চ পাঁচজন করে চলাচল করতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, যানবাহনে অবস্থানকারী ব্যক্তিদের মধ্যে প্রার্থী, নির্বাচনি এজেন্ট ও গানম্যান ছাড়া অন্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদন করে পরিচয়পত্র সংগ্রহ করতে হবে। একই সঙ্গে রিটার্নিং অফিসার কর্তৃক প্রদত্ত স্টিকার সংশ্লিষ্ট যানবাহনে দৃশ্যমানভাবে প্রদর্শন করতে হবে।
এদিকে, প্রার্থী ও নির্বাচনি এজেন্ট ব্যতীত তাদের সঙ্গে থাকা অন্য কেউ ভোটকেন্দ্রের চৌহদ্দির ভেতরে প্রবেশ করতে পারবেন না বলেও স্পষ্টভাবে উল্লেখ করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনের দিন শৃঙ্খলা বজায় রাখা, অনাকাঙ্ক্ষিত ভিড় ও প্রভাব বিস্তার রোধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি।