নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে শোডাউন করেছে দলীয় নেতা–কর্মীরা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁ শহরের তাজের মোড় থেকে বড় এই মিছিল শুরু হয়।
ব্রিজের মোড়, বাটার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, মুক্তির মোড় ও কেডির মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সুপারিপট্টি এলাকায় শেষ হয়। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিট থেকে আসা দুই থেকে তিন হাজার নেতা–কর্মী এতে অংশ নেন।
মিছিলের আগে তাজের মোড়ে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। বক্তারা বলেন, নওগাঁ-৫ আসনে এখনো প্রার্থী ঘোষণা না হলেও তৃণমূলের একমাত্র দাবি—জাহিদুল ইসলাম ধলুকেই ধানের শীষের প্রার্থী করা হোক।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুন নবী সাজা বলেন- জাহিদুল ইসলাম ধলু জনগণের নেতা। কঠিন সময়ে তিনি আমাদের পাশে ছিলেন। তাকে মনোনয়ন দিলে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে।
বক্তারা আরও দাবি করেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভের কাছাকাছি গিয়েছিলেন জাহিদুল ইসলাম ধলু। তবে ষড়যন্ত্র করে সেই ফল ছিনিয়ে নেওয়া হয়েছিল।
জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি দেওয়ান ফারুক বলেন- জনগণের ব্যাপক সমর্থন এখন ধলুর পক্ষে। তিনিই এই আসনের যোগ্য প্রার্থী।
এদিকে লিফলেট বিতরণে ধানের শীষের পক্ষে জনমত তৈরির পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচার করা হয়।
বক্তারা অভিযোগ করেন, আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে সবসময় মাঠে ছিলেন জাহিদুল ইসলাম ধলু। তাই তৃণমূলের প্রত্যাশা—আসন্ন নির্বাচনে তাকেই প্রার্থী ঘোষণা করবে বিএনপি।