প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত মানোন্নয়নের জন্য চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এর মধ্যে রয়েছে—উত্তম পোশাক পরিধান ও ইউনিফর্মের পরিপাট্য বজায় রাখা, স্বাস্থ্য সচেতনতা ও শারীরিক সক্ষমতা উন্নয়ন, কর্মস্থল ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ, পেশাদার ও মানবিক আচরণ বজায় রাখা।
বক্তব্যে তিনি বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিশেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এখন থেকেই সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি জেলাজুড়ে মানসম্মত চেকপোস্ট স্থাপন ও শৃঙ্খলাপূর্ণ ডিউটির ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।
এ সময় তিনি বলেন, “পুলিশের প্রতিটি সদস্যকে শৃঙ্খলার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে।”
মাস্টার প্যারেডটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার মহোদয়। প্যারেডে দায়িত্বশীলতা ও শৃঙ্খলা প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
উক্ত প্যারেডটি পরিচালনা করেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল মাহমুদ শাওন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।