নওগাঁ শহরজুড়ে দীর্ঘদিন ধরে চলমান যানজট ও জনদুর্ভোগ দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। বিশেষ করে লিটন ব্রিজ, কেডির মোড়, গোস্তহাটির মোড়, আলুপট্টি, কাপড়পট্টি এবং ব্রিজের পূর্ব পাশে তাজের মোড় থেকে আলুপট্টি সিমান্ত স্কুল পর্যন্ত গুরুত্বপূর্ণ এসব পয়েন্টে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তীব্র যানজট দেখা যায়।
শহরবাসীর অভিযোগ, মাত্র কয়েকশ’ মিটার পথ পাড়ি দিতেই সময় লাগছে ২০ থেকে ৩০ মিনিট। এতে চরম ভোগান্তিতে পড়ছেন চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
বেইলী ব্রিজ নির্মাণের দাবি:
যানজট নিরসনে শহরবাসীর পক্ষ থেকে লিটন ব্রিজের দুই পাশে নদীর অপর প্রান্তে ধোপাঘাট পর্যন্ত একটি এবং সুপারি পট্রি থেকে আলুপট্টি পর্যন্ত আরও একটি অস্থায়ী বেইলী ব্রিজ নির্মাণের জোর দাবি উঠেছে। তাঁদের মতে, বিকল্প সেতু নির্মাণ হলে শহরের ব্যস্ত এলাকাগুলোর ওপর চাপ অনেকটাই কমবে।
শিক্ষার্থী ও চাকরিজীবীদের দুর্ভোগ:
নওগাঁ শহরের সরকারি-বেসরকারি অফিস, আদালত, ডিসি অফিস, উপজেলা ও পৌরসভা, স্কুল-কলেজগামী মানুষদের জন্য লিটন ব্রিজ যেন এখন দুর্ভোগের আরেক নাম।
শিক্ষার্থীরা জানায়, যানজটের কারণে নিয়মিত ক্লাস মিস হচ্ছে। সময়মতো বাড়ি থেকে বের হলেও ব্রিজ এলাকায় এসে আটকে পড়তে হয়।
ব্যবসায় ক্ষতি, আয় কমছে শ্রমজীবীদের
সুপারি পট্রি ও কাপড়পট্টি এলাকার ব্যবসায়ীরা জানান, যানজটের কারণে ক্রেতারা অনেক সময় দোকানে আসতেই চান না। এতে প্রতিদিন বড় অঙ্কের ক্ষতির মুখে পড়ছেন তাঁরা।
রিকশাচালক রহিদুল ইসলাম বলেন, “জ্যামে বসে থাকতে থাকতে দিনে যা আয় হতো, এখন তার অর্ধেকও হয় না। বেইলী ব্রিজ হলে যাতায়াত সহজ হবে, আয়ও বাড়বে।”
সওজের বক্তব্য:
নওগাঁ জেলা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশিদুল ইসলাম শহরবাসীর দাবির বিষয়ে বলেন, “শহরের যানজট পরিস্থিতি আমরা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছি। লিটন ব্রিজের দুই পাশে কেডির মোড়ের পেছনের খেয়াঘাট ও সুপারি পট্রি এলাকায় পূর্বে যেখানে বেইলী ব্রিজ ছিল, সেখানে নতুন করে দুটি বেইলী ব্রিজ নির্মাণের প্রস্তাব বিবেচনায় নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রাথমিক সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। বিকল্প সেতু হলে ব্রিজের ওপর চাপ কমবে এবং শহরের যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।”
দ্রুত সমাধানের দাবি:
শহরবাসীর মতে, নওগাঁ শহরের জনসংখ্যা ও যানবাহন বেড়েছে বহুগুণ, কিন্তু সড়ক সম্প্রসারণ ও বিকল্প অবকাঠামো গড়ে ওঠেনি। এ অবস্থায় অস্থায়ী বেইলী ব্রিজ নির্মাণই হতে পারে দ্রুততম ও কার্যকর সমাধান।
অভিভাবক, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক—সবাই এক কণ্ঠে দাবি করছেন, দ্রুত বিকল্প সেতু নির্মাণ করে নওগাঁ শহরকে যানজট ও দুর্ভোগ থেকে মুক্ত করা হোক।