নওগাঁয় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। উপজেলা কৃষি বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির আওতায় ৫ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
আয়োজকরা জানান, আউশ ধান আপদকালীন ফসল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের সময় এ ফসল কৃষকদের জন্য বাড়তি সহায়তা দেয়। তবে বিভিন্ন কারণে আউশ চাষে আগ্রহ কমে যাওয়ায় উৎপাদনও হ্রাস পাচ্ছে।
এ পরিস্থিতি মোকাবেলায় কৃষি বিভাগ মাঠ পর্যায়ে কৃষকদের প্রণোদনা সহায়তা দিচ্ছে। বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় উৎপাদন খরচ কমবে এবং কৃষকরা আউশ চাষে আরও উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে। এতে আউশের আবাদ বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, ধান-চাল উৎপাদনে নওগাঁ বরাবরই অগ্রগামী। দেশের খাদ্যের সিংহভাগ নওগাঁ থেকেই সরবরাহ করা হয়। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। বর্তমান সরকার কৃষিবান্ধব নীতির মাধ্যমে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং কৃষি কার্ড চালুর মাধ্যমে কৃষকদের প্রণোদনার আওতায় আনা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চলসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।