নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন- হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান সবাই মিলে সাধারণ মানুষের চাওয়া-পাওয়া ও প্রয়োজন এবং উৎসব নিয়েই বিএনপির রাজনীতি। বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার পরামর্শে ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে আছে এবং থাকবে। শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষ্য মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত সাপাহার উপজেলার বিভিন্ন ইউনিয়নের শারদীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন কালে এ মন্তব্য করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- নিয়ামতপুর বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ এরশাদ আলী, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদ, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিজুল ইসলাম খান সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ পূজা মন্ডপে গিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের কামনা করেন।
মোস্তাফিজুর রহমান বলেন- বিগত ১৭ বছরে ফ্যাসিস্টরা হিন্দু সম্প্রদায়ের ওপর অনেক অত্যাচার-নির্যাতন ও জায়গা জমি দখল করেছে। কিন্তু বিএনপি সব সময় সতর্ক ও সজাগ ছিলো বলেই দলীয় নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের জন্য পাহারারত থাকার পাশাপাশি হিন্দুদের বিরুদ্ধে কোন কথা আসলে বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ করা হতো। হিন্দুদের জন্য বিভিন্ন সময় বিএনপির নের্তাকর্মীরা প্রতিবাদ করতে গিয়ে অত্যাচারিত এবং নির্যাতিত হয়েছে। তারপরও মাঠ ছাড়েনি বিএনপি।
তিনি আরো বলেন, বর্তমান সময়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা অত্যন্ত জরুরী। আমাদের দায়িত্ব, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যেন নিরাপদে ও আনন্দের সঙ্গে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে তার নিশ্চিত করা। এসময় তিনি তার নিজস্ব তহবিল হতে অনুদানের নগদ অর্থ তুলে দেন পূজা মন্ডপের সভাপতিদের হাতে।
পরিদর্শন শেষে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনগণ বিএনপি নেতৃবৃন্দের এই শুভেচ্ছা সফরকে স্বাগত জানান।