নওগাঁর পোরশা উপজেলার ছাওর ইউনিয়নের কামারধা মন্দির এবং নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়া, রামনগর পূর্বপাড়া, ভাটপাড়া, সাতরা, ১নং হাজিনগরের শিবপুর, কাপাষ্টিয়া এবং ৩নং ভাবিকা ইউনিয়নের পাইকড়া পালতলা, রনসা মন্দির শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নিয়ামতপুর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন পোরশা ও নিয়ামতপুর উপজেলা বিএনপির স্থানীয় ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পূজামণ্ডপে গিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের আশ্বাস দেন। এ সময় মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সমাজে সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির চিরন্তন ঐতিহ্যের বহিঃপ্রকাশ। বিএনপি সব সময় সকল ধর্মের মানুষের অধিকার ও উৎসবের পাশে ছিল, আছে এবং থাকবে।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা অত্যন্ত জরুরি। আমাদের দায়িত্ব, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ যেন নিরাপদে ও আনন্দের সঙ্গে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে—তা নিশ্চিত করা।” স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনগণ বিএনপি নেতৃবৃন্দের এই শুভেচ্ছা সফরকে স্বাগত জানান এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সহযোগিতার আশ্বাস দেন।