নওগাঁর আত্রাই উপজেলার পতিসর কাচারি বাড়ি প্রাঙ্গণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবীন্দ্র কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম-এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। পরে “রবীন্দ্রনাথ ও বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ড. আ ন ম বজলুর রশীদ। আলোচক হিসেবে বক্তব্য দেন ড. মো. হারুন অর রশীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, হুইপ অ্যাডভোকেট এম রুহুর কুদ্দুস তালুকদার দুলুসহ নওগাঁ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
এদিকে কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে পতিসরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কাচারি বাড়িকে ঘিরে বসেছে গ্রামীণ মেলা। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্রসংগীত পরিবেশন করা হয়। সরকারি আয়োজন একদিনের হলেও স্থানীয়ভাবে কয়েক দিন ধরে উৎসব চলবে বলে জানা গেছে।
উল্লেখ্য, নাগর নদীর তীরে অবস্থিত নিভৃত পল্লী পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম আসেন ১৮৯১ সালের ১৫ জানুয়ারি। জমিদারি তদারকির পাশাপাশি তিনি এখানে বসেই রচনা করেন বাংলা সাহিত্যের বহু বিখ্যাত কবিতা, গল্প ও উপন্যাস। “আমাদের ছোট নদী”, “তালগাছ এক পায়ে দাঁড়িয়ে”, “দুই বিঘা জমি” এবং উপন্যাস গোরা-সহ অসংখ্য সাহিত্যকর্মের সঙ্গে জড়িয়ে আছে পতিসরের।