নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম পুষ্পার্ঘ্য অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আনিসুর রহমান বুলু, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক মোল্লা, আত্রাই থানার এসআই মো. শাহাজুল ইসলামসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, আত্রাই বণিক সমিতি, আত্রাই প্রেসক্লাব এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সর্বস্তরের মানুষ পর্যায়ক্রমে শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে মহান ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোকর্যালি বের করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, ভ্রাম্যমাণ চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচি আয়োজন করা হয়। মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বাদ আসর উপজেলার সকল মসজিদে ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।