নওগাঁর মান্দায় ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ও জামায়াতে ইসলামীর আয়োজনে পৃথক পৃথক এক বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার কয়াপাড়া কামাড়কুড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে চারমাথা মোড়ের গোলচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতিন। এসময় তিনি বলেন, এই রাষ্ট্র এখন আর সাধারণ মানুষের নয়, এটি চলে গেছে লুটেরা গোষ্ঠীর নিয়ন্ত্রণে। মানুষের অধিকার, ভোট, জীবিকা সবই আজ প্রশ্নবিদ্ধ। বিএনপি গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে লড়াই করছে এবং ভবিষ্যতেও করবে।
মান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাদলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, এ.কে.এম নাজমুল হক নাজু, উপজেলা বিএনপির সদস্য ডা. ইকরামুল বারী টিপু, যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন খান, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক নূরুল ইসলাম, এডভোকেট মিজানুর রহমান, স্বেচ্ছাসেবকদলের এমদাদুল হক, শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক সুলতান ও ছাত্রদলের আহ্বায়ক সাহিদুজ্জামান সালেক প্রমুখ ও নেতৃবৃন্দ। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে উপজেলার প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দ, ওয়ার্ড পর্যায়ের কর্মী-সমর্থকরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, শহীদদের রক্তে অর্জিত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

অপরদিকে বিকেল ৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা শাখার আয়োজনে জুলাই গণহত্যার বিচার ও ফাঁসির দাবিতে দলীয় কার্যালয় হতে বর্ণাঢ্য রেলি নিয়ে চার মাথায় এক বিশাল সমাবেশের আয়োজন করে। এতে উপজেলা আমির ডাক্তার আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী জেলা আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জামাত নেতা অধ্যাপক মোস্তফা আল আমিন, থানা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, অধ্যাপক খোরশেদুল আলম, যুব জামায়াতের সভাপতি আব্দুল মালেক, সুপার আব্দুর রাকিব, আব্দুল কাইয়ুম, চেয়ারম্যান মোখলেছুর রহমান প্রমুখ ও নেতৃবৃন্দ।