কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অপু সরকার (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১০ মে) রাতের প্রথম প্রহরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল যৌথ অভিযান চালিয়ে তাকে মাদকসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপু সরকার শহীদনগর ভাগলপুর গ্রামের নাজির মিয়ার ছেলে। তার বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। অভিযানকালে তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় আটককৃত অপু সরকারকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়েছে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।