পবিত্র রমজান মাসে অসাধু ব্যবসায়ীদের অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও সম্ভাব্য চাঁদাবাজি প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির একটি মনিটরিং সেল গঠন করেছেন।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তিনি দাউদকান্দি পৌরবাজার পরিদর্শন শেষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের প্রতি সতর্ক বার্তা দেন।
এ সময় তিনি বলেন, “ব্যবসায়ী ও ক্রেতা—উভয়ই আমাদের মানুষ। রমজান মাসে আপনারা কম মুনাফায় পণ্য বিক্রি করবেন। অতিরিক্ত দাম নিয়ে রোজাদারদের কষ্ট দেবেন না।”
তিনি আরও বলেন, “কেউ চাঁদা চাইতে এলে সরাসরি আমার মোবাইলে ফোন করবেন। এছাড়া বিষয়টি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারকেও জানাবেন।”
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, সদস্য সচিব কাউসার আলম প্রধান, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন ও বাবুল মোল্লা, যুবদল নেতা ভিপি শাহাবুদ্দিন ও শরীফ চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা জামাল মোল্লা ও আব্দুল হালিম, পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা সোহেল।