ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটের দুটি সংসদীয় আসনে মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আল-মামুন মিয়ার কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
জয়পুরহাট-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামী মনোনীত ডা. ফজলুর রহমান সাঈদ, বাসদ মনোনীত অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, বাসদ (মার্কসবাদী) মনোনীত তৌফিকা দেওয়ান লিজা, আমার বাংলাদেশ পার্টি (এবি) মনোনীত সুলতান মো. শামছুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত আনোয়ার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ও জালাল উদ্দিন।
অন্যদিকে জয়পুরহাট-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত আব্দুল বারী, জামায়াতে ইসলামী মনোনীত এস. এম. রাশেদুল আলম, আমার বাংলাদেশ পার্টি (এবি) মনোনীত এস. এ. জাহিদ এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম ও আব্বাস আলী।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দুই আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ১৪ জন নির্ধারিত সময়ে মনোনয়নপত্র জমা দেন।
জয়পুরহাট জেলায় মোট ভোটার সংখ্যা ৮ লাখ ১৭ হাজার ৮৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৬ হাজার ১৬০ জন, নারী ভোটার ৪ লাখ ১১ হাজার ৬৭৬ জন এবং হিজড়া ভোটার ১০ জন। জেলায় মোট ভোটকেন্দ্র ২৫৫টি। স্থায়ী ভোটকক্ষ রয়েছে ১ হাজার ৫৫২টি এবং অস্থায়ী ভোটকক্ষ ৮০টি।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আল-মামুন মিয়া বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মনোনয়নপত্র জমা গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।