কুমিল্লা নামে নতুন বিভাগ বাস্তবায়নের দাবিতে শনিবার বিকেলে নগরীর পূবালী চত্বর জনসমুদ্রে পরিণত হয়েছে। মহাসমাবেশে ভিড় ছাড়িয়ে জনতা পৌঁছে যায় লিবার্টি চত্বর, রানীরবাজার, পুলিশ লাইন, রাজগঞ্জ ও টমছম ব্রিজ পর্যন্ত।
দলমত নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষ সমাবেশে অংশ নেন। সবার হাতে ছিল “কুমিল্লা নামে বিভাগ চাই” লেখা ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা। “তুমি কে, আমি কে—কুমিল্লা, কুমিল্লা” স্লোগান কানে গম্ভীর প্রতিধ্বনি ফেলছিল।
সমাবেশে অংশগ্রহণ করতে কুমিল্লা দোকান মালিক ফেডারেশনের উদ্যোগে বিকেল তিনটা থেকে প্রায় দুই ঘণ্টা নগরীর সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। নারী-পুরুষ, শিশু থেকে বৃদ্ধ—সবস্তরের মানুষের উপস্থিতিতে পূবালী চত্বর রূপ নেয় এক ঐতিহাসিক জনসমুদ্রে।
বক্তারা বলেন, কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন কুমিল্লাবাসীর প্রাণের দাবি। তারা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে সরকারের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হবে এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মহাসমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন। বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, দোকান মালিক ফেডারেশনের সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।