চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকটে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ধান ও আমের ভরা মৌসুমে প্রয়োজনীয় তেল না পাওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
উপজেলার একমাত্র “ভোলাহাট ফিলিং স্টেশন”-এ পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ না থাকায় ধানচাষী ও আমচাষীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সেচ কার্যক্রম ও আমবাগানের পরিচর্যায় জ্বালানি তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সংকটের প্রভাব সরাসরি পড়ছে কৃষিতে।
স্থানীয় কৃষকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় তারা সময়মতো জমিতে সেচ দিতে পারছেন না এবং আমগাছের পরিচর্যাতেও বিঘ্ন ঘটছে। এতে কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ বিষয়ে “ভোলাহাট ফিলিং স্টেশন”-এর স্বত্বাধিকারী মো. আব্দুল লতিফ জানান, বর্তমানে সপ্তাহে ২৬ থেকে ২৭ হাজার লিটার তেল সরবরাহ পাওয়া যাচ্ছে, যেখানে উপজেলার চাহিদা রয়েছে প্রায় ৫০ থেকে ৫৬ হাজার লিটার।
তিনি বলেন, “ধানের ভরা মৌসুম ও আমের পরিচর্যার সময় তেলের চাহিদা বেড়ে যায়। পর্যাপ্ত সরবরাহ না থাকায় আমরা চাহিদা পূরণ করতে পারছি না। সপ্তাহে অন্তত ৪০ থেকে ৫০ হাজার লিটার তেল সরবরাহ করা হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে।”
এ অবস্থায় কৃষকরা দ্রুত জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।