দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্থিতিশীলতা বজায় রাখতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
রোববার (১৬ নভেম্বর) বিকালে কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ‘শহীদ রিফাত শিশু পার্কের’ সামনে গন মিছিল শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন, মানুষ গত ১৫ বছরে কোনো নির্বাচনে ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। পিআর পদ্ধতিতে ভোট হলে, দল এমপি নির্বাচিত করবে, এমপি হবেন দলের এবং জনগণ নিজেও বুঝতে পারবে না কে তাদের এমপি। এতে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না।
তিনি আরও বলেন, ধানের শীষের পক্ষে গণজোয়ারে ভীত হয়ে দু-একটি রাজনৈতিক দল অযৌক্তিক দাবি তুলে নির্বাচন বাধাগ্রস্ত বা পিছিয়ে দিতে নানা ষড়যন্ত্র করছে। ফেব্রুয়ারির নির্বাচনকে পিছিয়ে দেয়া মানে দেশ ও জনগণের সর্বনাশ করা। জনগণ আশা করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে।
এসময় দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল রাজনৈতিক দলকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেবার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।
দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, দাউদকান্দি বিএনপির প্রবীণ নেতা কে, এম সামছুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল হাশেম, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক মিঞা মো. মিজানুর রহমান, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ লতিফ ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন আহমেদ, দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, কামাল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, পৌর সদস্য সচিব কাউসার আলম সরকার প্রমুখ।