ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিক সমাজ ও দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, কৃষি ও কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বর্তমান সরকার কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, পহেলা বৈশাখ উপলক্ষে সরকার ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে। দেশের অর্থনীতি পুনর্গঠন করে স্বনির্ভরতা অর্জনই সরকারের প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান।
সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, নতুন সরকার, নতুন গণতন্ত্র ও নতুন বছরের সমন্বয়ে এবারের বৈশাখ ভিন্ন মাত্রা পেয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
অনুষ্ঠানের অংশ হিসেবে তথ্যমন্ত্রী ঐতিহ্যবাহী পুতুল নাচের উদ্বোধন করেন। পরে আনন্দ র্যালি, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ আয়োজনে বৈশাখী শোভাযাত্রা, বাউল সঙ্গীত, গাজীর পটগানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।