ঢাকা, সিলেট, রাজশাহী ও কুমিল্লাসহ পাঁচটি সিটি করপোরেশনে নিজেদের মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কুমিল্লা সিটিতে এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম।
রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
সংবাদ সম্মেলনে এনসিপির অন্যান্য সিটি করপোরেশন প্রার্থীরা হলেন- ঢাকা দক্ষিণে: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, ঢাকা উত্তরে: দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, রাজশাহীতে: মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী ও সিলেটে: মহানগর আহ্বায়ক আব্দুর রহমান আফজাল।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আগামী ছয় মাসের মধ্যে সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ করা যাবে না এবং প্রশাসকের পদে বসে কেউ স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবে না।
আখতার হোসেন দাবি করেন, নির্বাচন হতে হবে জনগণের অংশগ্রহণমূলক এবং দলীয় মার্কায় নয়। এছাড়া নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, যাতে সব প্রার্থী সমানভাবে অংশ নিতে পারে।
নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে জানান, বাকি সিটি করপোরেশন এবং অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের নামও দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে।