কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফদের সংগঠন “ইউনাইটেড সেভিংস ওয়েলফেয়ার ফান্ড ফর এমপ্লয়িজ (ইউএসডব্লিউএফই)”-এর উদ্যোগে সাধারণ সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ৮টা থেকে সারাদিনব্যাপী কুমিল্লার কোটবাড়ি এলাকার ম্যাজিক প্যারাডাইসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তাসলিমা আক্তার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম খাঁন-এর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মোঃ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমেক হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক ও কুমিল্লা বেতারের সংগীতশিল্পী শাহানারা আক্তার শানু, উপ-সেবা তত্ত্বাবধায়ক মোঃ হুমায়ুন কবির, মোঃ হাফিজুর রহমান, গোলাম ফারুকুল ভুঁইয়া, আজিম উদ্দিন, হাসান আলী খান, শাহিদা আক্তারসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
সাধারণ সভা শেষে প্রতি বছরের ন্যায় এবারও এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে এবং একজন প্রকৃত মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। পাশাপাশি ইউএসডব্লিউএফই সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন তারা।
সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম খাঁন বলেন, ইউএসডব্লিউএফই একটি স্বেচ্ছাসেবী, সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। সংগঠনের সদস্যরা সবাই চাকরিজীবী হলেও স্বেচ্ছাশ্রম ও আর্থিক সহযোগিতার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। যে কোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ হাফিজুর রহমান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ হারুনুর রশিদ।
উল্লেখ্য, অনুষ্ঠানে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পবিত্র কুরআন তেলাওয়াতে দ্বিতীয় ও কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করে হাফেজ আবদুল্লাহ বিন আব্দুল আউয়াল প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।