কুমিল্লা সেনানিবাস সংলগ্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্মি মেডিকেল কলেজ কুমিল্লা-এর নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন এবং ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রবিবার (১৫ মার্চ) দুপুরে কুমিল্লা সেনানিবাস সফরকালে তিনি এ উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় সেনাপ্রধান আশা প্রকাশ করেন, কলেজটি এবং নির্মাণাধীন হাসপাতাল দেশের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও চিকিৎসা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা যায়, ২০১৫ সালের ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাসের ৫ একর জমির ওপর কলেজটির একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৭.০৭ একর জমির ওপর নিজস্ব অর্থায়নে নির্মিত স্থায়ী ক্যাম্পাসে কলেজটির কার্যক্রম শুরু হলো।
বর্তমানে কলেজটিতে ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৬টি ব্যাচ থেকে মোট ২৮৩ জন শিক্ষার্থী চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে দেশ-বিদেশে কর্মরত রয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কলেজ ও হাসপাতালের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।