কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান।
রোববার ভোর ২টা ৪৫ মিনিটে, পদুয়ার বাজার বিশ্বরোডের ফ্লাইওভারের নিচে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী “মামুন স্পেশাল” নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা “ঢাকা মেইল” ট্রেনের সংঘর্ষ হয়।
নিহতদের মধ্যে রয়েছেন ৬ জন পুরুষ, ৩ জন নারী এবং ৩ জন কন্যাশিশু।
আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, সেখানে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর বাসটি ট্রেনের সামনের ইঞ্জিনের সঙ্গে আটকে গিয়ে কিছুদূর পর্যন্ত টেনে নিয়ে যায় বলে জানা গেছে। বর্তমানে বাসটি দৈয়ারা এলাকায় ইঞ্জিনের সঙ্গে আটকানো অবস্থায় রয়েছে।
ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, রেলওয়ে কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রাম ডাউন লাইনে ট্রেন চলাচলও স্বাভাবিক রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে উদ্ধারকারী সহায়তা পাঠানো হয়েছে।
ঘটনার তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি কুমিল্লা জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এতে কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।