ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও আরও ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের সামনে একটি চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৩টার দিকে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চাল বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯) দাউদকান্দির হাসানপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি উল্টে পাশের জমিতে পড়ে যায়।
এ সময় ট্রাকের ওপরে থাকা প্রায় ১৩ জন যাত্রী চালের বস্তার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ৭ জন অজ্ঞাতনামা পুরুষ নিহত হন। আহত হন আরও ৬ জন।
খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়।
আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
নিহতদের মরদেহ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর চট্টগ্রামমুখী লেনে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, পণ্যবাহী ট্রাকের ওপরে যাত্রী পরিবহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহত-আহতদের স্বজনদের খবর দেওয়ার কাজ চলছে।