কুমিল্লার দাউদকান্দি উপজেলা-এ তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা পড়েছে চরম দুর্ভোগে।
অসহনীয় গরমের মধ্যে দিন-রাতের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে ১৪ থেকে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। দীর্ঘ সময় বিদ্যুৎহীনতায় মানুষ প্রহর গুনছেন কখন আবার বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে ব্যবসা-বাণিজ্যে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় অনেক দোকানপাট নির্ধারিত সময়ের আগেই বন্ধ করতে বাধ্য হচ্ছেন তারা।
এদিকে বিদ্যুৎ সংকটের কারণে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সেবা কেন্দ্রে কার্যক্রম ব্যাহত হচ্ছে। বাসা-বাড়িতে ফ্রিজে সংরক্ষিত খাদ্যদ্রব্য নষ্ট হয়ে যাচ্ছে। তীব্র গরমে শিশু ও বয়স্করা বেশি ভোগান্তিতে পড়ছেন। অনেকেই চর্মরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
এ বিষয়ে দাউদকান্দি উপজেলা সাব-জোনাল অফিসের কর্মকর্তা (জিএম) মো. মোখলেছুর রহমান জানান, বর্তমানে দেশজুড়ে বিদ্যুৎ ঘাটতি রয়েছে। দাউদকান্দি উপজেলায় চাহিদা অনুযায়ী প্রায় ২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হলেও সরবরাহে ঘাটতি রয়েছে। ফলে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।