কুমিল্লা টাউন হল মাঠে আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এ ছাড়া ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখবেন।
বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লা নগরীর কান্দিরপাড়স্থ গোল্ডেন স্পুনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কুমিল্লা-৬ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
আয়োজক সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা বিবেচনায় পূর্বঘোষিত সময়সূচি পরিবর্তন করে জনসভাটি একদিন এগিয়ে আনা হয়েছে। রাতের সময়সূচি হওয়ায় নিরাপত্তাজনিত কারণে নারী সমাবেশের আলাদা কোনো ব্যবস্থা রাখা হয়নি।
জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। পুরো টাউন হল মাঠজুড়ে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে এবং প্রায় ১৫০টি মাইক ব্যবহার করা হবে। বীরচন্দ্রনগর মিলনায়তনের দ্বিতীয় তলার ছাদে মূল মঞ্চ নির্মাণ করা হয়েছে। গণমাধ্যমকর্মী ও ক্যামেরা পার্সনদের জন্য পৃথক বসা ও দাঁড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে জনসভাটি সফলভাবে সম্পন্ন হবে।