আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা না দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছে কুমিল্লার সর্বস্তরের মানুষ। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে হাজারো মানুষের উপস্থিতিতে বক্তারা এই ঘোষণা দেন।
বক্তারা অভিযোগ তুলে বলেন, কুমিল্লা একটি ঐতিহ্যবাহী জেলা—প্রশাসনিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ভৌগোলিকভাবে একটি পূর্ণাঙ্গ বিভাগের সব শর্তই এখানে বিদ্যমান। কিন্তু দীর্ঘদিন ধরে এই দাবিকে উপেক্ষা করা হচ্ছে।
তারা আরও বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সরকার কুমিল্লাকে বিভাগ ঘোষণা না দিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের সব প্রবেশমুখে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী। এসময় সমাবেশে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য দেন।