দেশে পৌঁছানোর পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদির মরদেহ সর্বসাধারণের সাক্ষাতের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তাকে গ্রহণ করতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকদের এয়ারপোর্ট থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এই অকুতোভয় যোদ্ধাকে বিমানবন্দর থেকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।
এর আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে শহীদ ওসমান হাদির মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় অবতরণের কথা রয়েছে।