মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে একুশের চেতনায় উদ্বেল হয়ে দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির আত্মমর্যাদা রক্ষার প্রথম সশক্ত জাগরণ। একুশের চেতনা কেবল ভাষার অধিকারেই সীমাবদ্ধ নয়; এটি গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকারের প্রতীক। শহীদদের আত্মত্যাগের পথ ধরেই এদেশের স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনের ভিত রচিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে একুশের আদর্শ পৌঁছে দেওয়া এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভাষা শহীদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ—সেই স্বপ্ন বাস্তবায়নে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া দাউদকান্দি কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। একুশের প্রথম প্রহরে শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে গভীর শোক, শ্রদ্ধা ও অঙ্গীকারের।