নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনার আশঙ্কায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সকল জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট চিঠিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া এক উগ্রবাদী সংগঠনের সদস্যের সঙ্গে চাকরিচ্যুত দুই বাহিনী সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং রাজধানীর শাহবাগ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার সম্ভাবনার বিষয়টি সামনে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিষয়টি দেশের নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বৃদ্ধি, নজরদারি জোরদার এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে কাজ চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।