পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধ ও ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কুমিল্লায় সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করেছে “নিরাপদ চালক চাই” সংগঠন।
বুধবার (১৮ মার্চ) দুপুরে কুমিল্লা মহানগরীর পুলিশ লাইন এলাকার সড়কে যাত্রী ও যানবাহন চালকদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এ উপলক্ষে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এ সময় অসচেতনতা, অতিরিক্ত গতি এবং ট্রাফিক আইন অমান্যের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এ বিষয়গুলো মাথায় রেখে মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ চালক চাই, বাংলাদেশ-এর সভাপতি মোঃ আজাদ সরকার লিটন, উপদেষ্টা আবদুল কাইয়ুম, সুজন-সুশাসনের জন্য নাগরিক কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী আহসান টিটু, ইয়ুথ ক্যাডেট চেয়ারম্যান মজিবুর রহমান, মোহাম্মদ আলী ফাউন্ডেশনের সভাপতি বোরহান মাহমুদ কামরুল, সহ-সভাপতি এ কে এম সাইফুল রহমান, সংগঠনের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক চিকিৎসা প্রযুক্তিবিদ ও কবি মোঃ আবদুল আউয়াল সরকার, কবি শিপন হোসেন মানব, ফারুক হাজারী, মানবিক টিমের সভাপতি আবদুল হান্নান, জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা জেলা কমিটির যুগ্ম সম্পাদক কাওসার, নির্বাহী সদস্য সেলিনা আক্তার, সানজিদা রোমানা, প্রীতি আক্তার, কবি ইয়াছিন, প্রচার সম্পাদক সাংবাদিক আবদুর রহমান সাইফ, আক্তার হোসেনসহ অনেকে।
এ সময় সংগঠনের সদস্যরা সড়কে চলাচলকারী যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার করা, ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি পথচারীদেরও নির্দিষ্ট স্থান দিয়ে রাস্তা পারাপার এবং সড়কে চলাচলের সময় সতর্ক থাকার বিষয়ে সচেতন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্ঘটনা কমিয়ে আনা এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; চালক, যাত্রী ও পথচারী—সবার সম্মিলিত সচেতনতাই পারে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে।
বক্তারা আরও বলেন, চালকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে দক্ষ চালক গড়ে তোলা জরুরি। লিফলেট ও স্টিকার বিতরণের মতো এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ সড়ক নিরাপত্তা বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।