ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভবানীপুর বাজার বণিক সমিতির নিজস্ব কার্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এবারের নির্বাচনে ১১টি পদে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ৫৫৪ জন; এর মধ্যে ৫২০ জন ভোটাধিকার প্রয়োগ করেন এবং ২৯টি ভোট বাতিল হয়।
সভাপতি পদে মো. আরিফুজ্জামান লেবু (চেয়ার প্রতীক) ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জয়লূন হক (আনারস প্রতীক) পেয়েছেন ১৫৮ ভোট।
সহ-সভাপতি পদে মো. মহসিন প্রামাণিক (ঘড়ি প্রতীক) ২৫৯ ভোট পেয়ে জয়লাভ করেন, তাঁর নিকটতম মো. সম্রাট হোসেন (কুলা প্রতীক) পান ২৫৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর হোসেন (মোরগ প্রতীক) ৩৫৪ ভোটে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. শাকিল খান (মাছ প্রতীক) পান ১৫৪ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে মো. জুয়েল মণ্ডল (আম প্রতীক) ২৪৭ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ওয়াজেদ আলী প্রাং লিটন (গরুর গাড়ি প্রতীক) পান ২৪৪ ভোট।
এছাড়া বাকি সাতটি পদে সাতজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ভোটাররা জানান, এবারের নির্বাচন ছিল অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে বেশি উৎসবমুখর ও শান্তিপূর্ণ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মাঝে সন্তোষের আমেজ বিরাজ করছে।
সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বণিক সমিতির আহ্বায়ক এস এম মামুনুর রশীদ বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।”
নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন জি এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুর রহমান। সোমবার সন্ধ্যা ৬টায় তিনি ফলাফল ঘোষণা করেন।