দৈনিক স্বদেশ বিচিত্রার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের ফলোআপ সংবাদ প্রকাশে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন (এ্যাবজা) এর আহ্বায়ক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।
তিনি বলেন, “সাপের লেজে পা দিয়ে ছেড়ে দেবেন না। ছেড়ে দিলে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। এদের ছেড়ে দিতে নেই। সাংবাদিকরা প্রতিনিয়ত অন্যায় ও অপরাধের বিরুদ্ধে লড়াই করছেন। অপরাধীদের বিরুদ্ধে কলম চালিয়ে বন্ধ করা যাবে না। স্পর্শকাতর ও আলোচিত ঘটনাগুলো ফলোআপে রাখতে হবে। বিচারের কাঠগড়ায় এনে বিচার না হওয়া পর্যন্ত সংবাদের সঙ্গে লেগে থাকতে হবে।”
শনিবার (৯ মে) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ফেনী সমিতির হলরুমে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে ফলোআপ সংবাদ চোখে পড়ে না। ফলোআপের অভাবে অপরাধীদের সাহস বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। অপরাধীদের বিচারের আওতায় আনতে পেশাদার সাংবাদিকদের ফলোআপ প্রতিবেদনে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর উদ্দেশ্যে সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা ও সাংবাদিক সুরক্ষা আইনসহ ১৪ দফা দাবির বিষয়ে সরকারের ভূমিকা জানতে চান।
দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণতান্ত্রিক দেশে মুক্ত গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সত্য প্রকাশ করবে তাদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা উচিত নয়। রাজনৈতিক দল, সরকারি সংস্থা কিংবা অন্য যেই হোক না কেন—সত্য প্রকাশে বাধা দেওয়া থেকে বিরত থাকতে হবে।”
তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধ দিয়ে আমাদের শুরু, মুক্তিযুদ্ধেই আমাদের সবকিছু। এখনো একটি গোষ্ঠী মুক্তিযুদ্ধকে অস্বীকার করার দৃষ্টতা দেখায়। এ জন্য কমবেশি সব রাজনৈতিক দলকেই দায়ভার নিতে হবে। এখন আমাদের কাজ সামনের দিকে এগিয়ে যাওয়া এবং মুক্তিযুদ্ধকে মানবিক মর্যাদায় জাগিয়ে তোলা।”
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। দেশের অস্তিত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রশিক্ষক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোবায়েত ফেরদৌস, ড. মো: অলিউর রহমান, মিজানুর রহমান, ওমর ফারুক জালাল, সাব্বির আহমেদ রনি, মুনসুরুল হক সোহান, ড. আবু তাহের, মঞ্জুর হোসেন ঈশা, রিফাত শিহাব উদ্দিন ও রিয়াজ উদ্দিন।
প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিনিধি সম্মেলনে দেশের বিভিন্ন এলাকার প্রতিনিধি ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।