কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানায় আকস্মিক পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ দেলোয়ার হোসেন মিঞা। বুধবার (৩০ অক্টোবর) থানায় আকস্মিক পরিদর্শন শেষে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। মতবিনিময়কালে অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা অধিনস্থ অফিসারদেরকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে মালবাহী গাড়ি ডানের লেনে এবং যাত্রীবাহী গাড়ি বাম লেনে চলাচলের বিষয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য পুলিশ সুপারকে নির্দেশনা প্রদান করেন। এসময় হাইওয়ে পুলিশের পূর্ব বিভাগের অ্যাডিশনাল ডিআইজি মীর মোদ্দাছছের হোসেন, কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার ও অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ খাইরুল আলম, হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপির স্টাফ অফিসার ও সহকারী পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী, হাইওয়ে পুলিশের কুমিল্লা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজমদারসহ ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।