ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বিলোনিয়া সীমান্তে ভারতীয়দের বাংলাদেশ বিরোধী স্লোগান ও বিক্ষোভ কার্যক্রমের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা বাংলাদেশ জাতীয়বাদী প্রজন্ম দলের নেতাকর্মীরা। গত ৫ ডিসেম্বর বিকেলে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় কুষ্টিয়া জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের মনিটরিং কমিটির সভাপতি হৃদয় আহমেদ (শুভ)র নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে ভারতীয় উগ্রবাদীদের আস্ফালন মেনে নেয়া হবে না। স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। ভারতের উগ্রবাদীরা বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য আগরতলায় আমাদের সহকারী হাইকমিশনে হামলা চালায়। ভারত এর মাধ্যমে স্পষ্ট করলো বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে হামলা চালিয়েছে। তারা আরও বলেন, কোনো ভাবেই ভারতের আগ্রাসন মেনে নেওয়া হবে না। হাইকমিশনে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে হবে। দেশে ইসকন নিষিদ্ধ করতে হবে। প্রজন্ম দলের মনিটরিং কমিটির সভাপতি হৃদয় আহমেদ (শুভ) বলেন, ভারত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতেছে। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়েছে। বাংলাদেশের ছাত্র-জনতা এর দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে। বিক্ষোভ কর্মসূচিতে শহীদ, আহত ও বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।