দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে কুমিল্লার মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের উপস্থিতিতে অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী, কৃষি কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, জনস্বাস্থ্য কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং ইউনিয়ন পরিষদের সচিবরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতার বিকল্প নেই। দুর্যোগের আগে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, দুর্যোগকালীন করণীয় সম্পর্কে ধারণা রাখা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি।
তারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে চলবে না। প্রতিটি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সচেতন হতে হবে এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি গড়ে তুলতে হবে। সবার সম্মিলিত উদ্যোগই পারে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তুলতে।
মেঘনা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।