কুমিল্লার ১৮টি থানায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে বিভিন্ন স্থান থেকে ৩৭৯ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশনায় এবং তাঁর সরাসরি অংশগ্রহণে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) লুৎফর রহমান।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কুমিল্লার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোকে চিহ্নিত করে অভিযান চালানো হয়। জেলার ১৮টি থানার পুলিশ, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং ডিবি পুলিশ সমন্বিতভাবে অভিযানে অংশ নেয়। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠপর্যায়ে অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযানে আটক ৩৭৯ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানায়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিতভাবে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অভিযানে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে।
কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।