কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের চেকপোস্টে একটি প্রাইভেটকার থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন সিলভার রঙের প্রাইভেটকার জব্দ করা হয়। তবে গাড়ির চালক পুলিশের সংকেত পেয়ে গাড়ি ফেলে দৌড়ে পালিয়ে যায়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ অভিযান চালানো হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় এসআই মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন।
পুলিশ জানায়, এ সময় ঢাকা মেট্রো-গ-১৪-৫৭৩৬ নম্বরের পুরাতন সিলভার রঙের প্রাইভেটকারটি চেকপোস্টের কাছে এলে থামার সংকেত দেওয়া হয়। চালক গাড়িটি থামিয়ে দ্রুত দৌড়ে কৌশলে পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।