রাজধানীর শেরেবাংলানগরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি ও তার প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার রাতে শেরেবাংলানগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে শেরেবাংলানগর থানায় নেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে নিহত মরিয়মের বাবা ও মা থানায় গেছেন বলেও জানা গেছে।
শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, মরিয়ম খাতুনের মরদেহ গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এর আগে চলতি বছরের জুলাইয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক তরুণীর সঙ্গে তাকে ব্যক্তিগত সময় কাটাতে দেখা যায়। পরে গাজী নজরুল জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ‘নৈতিক স্খলন’-এর অভিযোগে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে তার সংসদ সদস্য পদ এখনো বহাল রয়েছে।