1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় ‘সিরিয়াল কিলার’ আব্দুল ওয়াদুদ মানিক গ্রেপ্তার, দুই হত্যা মামলার রহস্য উদঘাটন

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

কুমিল্লার নাঙ্গলকোটে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালকদের টার্গেট করে হত্যার অভিযোগে আব্দুল ওয়াদুদ ওরফে মানিক নামে এক ব্যক্তিকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে উল্লেখ করেছে পুলিশ। তার জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে নাঙ্গলকোট ও মনোহরগঞ্জের দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১২ আগস্ট নাঙ্গলকোট থানাধীন আতিয়াবাড়ী এলাকায় একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রাথমিক তদন্তে মরদেহটি অটোরিকশাচালক মো. মেহেদী (১৮) হিসেবে শনাক্ত হয়। এ ঘটনায় নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়েরের পর কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা ছায়া তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আব্দুল ওয়াদুদ ওরফে মানিক, শাহেদ, ফাহিম ও সেলিমকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা মেহেদীকে হত্যার পর তার অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করে। আব্দুল ওয়াদুদ মানিক ও সেলিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

পুলিশ আরও জানায়, মেহেদী হত্যা মামলার তদন্তকালে আব্দুল ওয়াদুদ মানিকের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে অনুসন্ধানে জানা যায়, ফোনটি তার নিজের নয়; এটি গত ২৪ জুলাই নিখোঁজ হওয়া অটোরিকশাচালক মো. আরমান হোসেনের (১৫)।

আরমান নিখোঁজের ঘটনায় তার স্বজনের করা মামলার তদন্তে অটোরিকশাটির কাটা-বডি উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জোবায়ের হোসেন সুজন, নূর আলম ও মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, অটোরিকশাটি আব্দুল ওয়াদুদ মানিক ও সেলিমের কাছ থেকে পাওয়া যায়। গ্রেপ্তার তিন আসামিও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এদিকে, গত ১২ সেপ্টেম্বর মনোহরগঞ্জ থানাধীন বিনয়ঘর এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়।

পুলিশ জানায়, নাঙ্গলকোটের হত্যা মামলায় গ্রেপ্তার আব্দুল ওয়াদুদ মানিকের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন এবং জোবায়ের হোসেন সুজন, নূর আলম ও গিয়াস উদ্দিনের দেওয়া তথ্যের সমন্বয়ে আরমান হোসেনের নিখোঁজের ঘটনার তদন্ত এগিয়ে নেয় পুলিশ। পরে আব্দুল ওয়াদুদ মানিক ও সেলিমকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ডে জিজ্ঞাসাবাদে আব্দুল ওয়াদুদ মানিক ও সেলিম পুলিশকে জানান, তারা অটোরিকশাচালক আরমান হোসেনকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে মনোহরগঞ্জের বিনয়ঘর এলাকার একটি ডোবায় ফেলে দেন।

গত ১৪ সেপ্টেম্বর আব্দুল ওয়াদুদ মানিক আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে আরমান হোসেনকে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, এর আগেও ২০২৪ সালের ২ সেপ্টেম্বর অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহজাহান সাইমন (১৭) নামে এক কিশোরকে হত্যার অভিযোগ রয়েছে আব্দুল ওয়াদুদ মানিকের বিরুদ্ধে। হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে কাপড় দিয়ে পেঁচিয়ে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীরসংলগ্ন পরিত্যক্ত কোয়ার্টারে ফেলে রাখা হয়। এ ঘটনায় লাকসাম থানায় হত্যা মামলা হয়।

ওই মামলার তদন্তে আব্দুল ওয়াদুদ মানিককে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি অটোরিকশাচালক শাহজাহান সাইমনকে হত্যার কথা স্বীকার করেন।

পুলিশের ভাষ্য, আব্দুল ওয়াদুদ মানিক মূলত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে অটোরিকশাচালকদের টার্গেট করতেন। এরপর অটোরিকশা ছিনতাইয়ের পাশাপাশি হত্যাকাণ্ড ঘটাতেন। এ কারণে তাকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে উল্লেখ করেছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর