কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে দেশীয় ধারালো অস্ত্র, একটি মোটরসাইকেল ও ছিনতাই করা কয়েকটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ছিনতাই দমন এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছিল জেলা গোয়েন্দা পুলিশ।