নওগাঁর মান্দায় ভটভটির ধাক্কায় সিয়াম হোসেন (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম হোসেন উপজেলার রামনগর দক্ষিণপাড়া গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিয়াম বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশে বের হয়। বিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে দ্রুতগতির একটি ভটভটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিয়াম সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।