প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে ১১শ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম এইচজে পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। চৌদ্দগ্রাম এইচজে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি চৌদ্দগ্রামকে সবুজ ও পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা।
চারা বিতরণ শেষে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহাদাৎ হোসেন বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ১১শ শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা দেওয়ার উদ্দেশ্য হলো বৃক্ষের উপকারিতা সম্পর্কে তাদের সচেতন করা এবং বৃক্ষরোপণে উৎসাহিত করা।
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে ছোটবেলা থেকেই তাদের পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তোলাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম রাজু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসাইন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন এবং পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী মোহাম্মদ ইয়াছিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হোসেন, এইচজে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেন, চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেনসহ সংশ্লিষ্টরা।