কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসচালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে ইয়াবা বহনে ব্যবহৃত বাসটিও।
পুলিশ জানায়, কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৬ সেপ্টেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। পরে বাসের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় ৫০ হাজার পিস ইয়াবা।
অভিযানে বাসচালক দিদারুল আলম চৌধুরী এবং চালকের সহযোগী আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দূরপাল্লার যাত্রীবাহী বাসের আড়ালে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা ও বাস জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।