নওগাঁর আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে পাঁচ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার বেওলা ও খোলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তদের রাতে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সহযোগিতা করেন।
অভিযানে বেওলা পাকা রাস্তা সংলগ্ন এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় বেওলা গ্রামের মৃত শামসুর মোল্লার ছেলে সাইফুল মোল্লা (৩২) ও একই গ্রামের আফজাল সরদারের ছেলে রুবেল সরদারকে (২৬) আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ ছাড়া খোলাপাড়া গ্রামের শ্রী শিব শংকরের ছেলে শ্রী উজ্জ্বল কুমার (৩২) এবং ভর-তেতুলিয়া গ্রামের মৃত মোকসেদ আকন্দের ছেলে মাসুম আকন্দকে (৪৭) ১০০ টাকা করে অর্থদণ্ড ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে ভর-তেতুলিয়া গ্রামের নাসিরের ছেলে ফরিদকে (৫০) ৫০০ টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।