চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সন্ন্যাসীতলার মুসলিমপুর এলাকায় পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল কলেজ সংলগ্ন পাকা রাস্তার পশ্চিম পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা ভোলাহাট থানায় খবর দেন।
খবর পেয়ে ভোলাহাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে সেখানে ফেলে রেখে যেতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন রোববার (২৩ আগস্ট) গোহালবাড়ী ইউনিয়নের ‘বীরেশ্বরপুর ইসলামিক মিডিয়া’র যুবকদ্বয় টিম ওই ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেখতে পান। পরে তারা তাকে গোসল করিয়ে পোশাক পরিয়ে দেওয়ার সময় ওই ব্যক্তি নিজের নাম বাবুল সরদার, বয়স আনুমানিক ৩৫ বছর, বাবার নাম মোরশেদ আলী এবং ঠিকানা কাশীনাথপুর, মধুপুর, টাঙ্গাইল বলে জানান।
পরে বাবুলকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তিনি সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যান।
এদিকে মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে চাঁপাইনবাবগঞ্জ সিআইডির একটি দল গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকের নির্দেশে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শাখাওয়াত হোসেন।