কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের সদর দক্ষিণ থানাধীন লালমাই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল লালমাই বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। একই সময়ে গ্রেফতার এড়াতে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে আরও তিনজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—চাঁদপুর সদর এলাকার জহিরুল ইসলাম প্রধানিয়া ফারুক (৫৩), হাজীগঞ্জের মো. মামুন মিজী (৪৫), ফরিদগঞ্জের মো. কবির ভূইয়া (৪০), চাঁদপুর সদরের মো. রবিউল আলম (৩৫) এবং ফরিদগঞ্জের মো. নজরুল ইসলাম (৩৫)।
ডিবি পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় একত্রিত হয়ে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পরানপুর বাজার এলাকায় ডাকাতির উদ্দেশ্যে রওনা হয়েছিল।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের মধ্যে জহিরুল ইসলামকে চক্রটির সর্দার হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদপুর জেলার বিভিন্ন থানায় পাঁচটি নিয়মিত মামলা রয়েছে।
অভিযানে একটি লোহার বোল্ট কাটার, সেলাই রেঞ্চ, প্লাস, লোহার রড, দুটি কাঠের বাটযুক্ত কিরিজ, একটি কাঠের বাটযুক্ত হাসুয়া, কালো রঙের কাপড়ের ব্যাগ, একটি নীল রঙের পিকআপ ও একটি কালো রঙের ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।