“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে উপজেলার মৎস্য খাতে সফল অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজন সফল মৎস্যচাষিকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—মির্জা রাকিব (বাঁকা), মো. শহিদুল ইসলাম (নওদুলী), আশরাফুল ইসলাম (মির্জাপুর), মো. শহিদুল ইসলাম (কাশ্যবপাড়া) এবং মো. আব্দুস সালাম মন্ডল (দীঘা)।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষে মৎস্যচাষিদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।