চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ৯টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য পক্ষ (১৬ থেকে ১৮ আগস্ট) যথাযথভাবে উদযাপনের অংশ হিসেবে উপজেলা পুকুর ও বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।
পরে ব্যানার-ফেস্টুন নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সুলতান আলী, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. আজমীর শেখ, প্রাণিসম্পদ অফিসার মো. একরামুল হক, নির্বাচন অফিসার মো. আশরাফুল ইসলাম, মৎস্য অফিস সহকারী মো. রাশেদুল ইসলাম ও মো. শামিম হোসাইনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও মৎস্যচাষীরা।
“রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার মৎস্যচাষীদের মাছ চাষে উৎসাহিত করা এবং মৎস্য খাতের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে সফল মৎস্যচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।