কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ব্রাহ্মণপাড়া উপজেলা গেট থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি ব্রাহ্মণপাড়া কাঁচাবাজার হয়ে আল্লাহ ৯৯ চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন এবং ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমির হোসেন।
এ সময় স্থানীয় সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে অংশ নেন। এতে আনুমানিক ১৫০ থেকে ২০০ জন উপস্থিত ছিলেন।
র্যালি শেষে আল্লাহ ৯৯ চত্বরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার প্রয়োজন রয়েছে।
আয়োজকরা জানান, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি এবং সবাইকে সম্পৃক্ত করার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে বিকেল ৪টা ২০ মিনিটে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘটে।