বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা, টকশো ব্যক্তিত্ব ও ফ্রিল্যান্স সাংবাদিক জিয়াউদ্দিন তৌহিদকে স্বরূপকাঠি থানা পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার সকালে একদল লোক তার গ্রামের বাড়িতে গিয়ে তাকে অবরুদ্ধ করে। পরিস্থিতি থেকে নিরাপত্তা পেতে তিনি পুলিশের সহযোগিতা চেয়ে ফেসবুকে পোস্ট করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিরাপত্তার কথা বলে থানায় নিয়ে যায়।
জানা গেছে, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়াউদ্দিন তৌহিদের নামে কিছু পোস্টার ছাপিয়ে এলাকার বিভিন্ন স্থানে সাঁটানো হয়। এ নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে তার বাড়িতে লোকজন জড়ো হয়ে তাকে অবরুদ্ধ করে।
সম্প্রতি তার স্ত্রী-সন্তান আমেরিকায় যাওয়ার পর অসুস্থ অবস্থায় তিনি স্বরূপকাঠিতে পৈতৃক বাড়িতে অবস্থান করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সমসাময়িক, ঐতিহাসিক, আন্তর্জাতিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে লেখালেখি করে আসছেন।
জিয়াউদ্দিন তৌহিদের মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর।
তিনি বলেন, “মব সৃষ্টি করে এভাবে একজন প্রবীণ সাংবাদিককে হয়রানি করা আইনের শাসনের মধ্যে পড়ে না।” তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে জিয়াউদ্দিন তৌহিদের মুক্তির দাবি জানান এবং সাংবাদিকদের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানান।