ঢাকায় ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ আগষ্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এগুলো নির্মূলে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
বৈঠকে জানানো হয়, মাদক নির্মূলে মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাইব্যুনাল ও এখতিয়ারসম্পন্ন আদালত গঠনসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এদিকে, গত ছয় মাসে পুলিশ নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ ছাড়াই শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ দমন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়।
বৈঠকে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোট প্রস্তাবিত বাজেট ৩১ হাজার ৯৯ কোটি টাকা। এর মধ্যে পরিচালন বাজেট ২৮ হাজার ৬৩৮ কোটি ৭৯ লাখ এবং উন্নয়ন বাজেট ২ হাজার ৪৬০ কোটি ২১ লাখ টাকা।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দীন আহমদসহ স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের হুইপ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।